আইডিএলসি’র ঋণের কিস্তি বিকাশ-এ

৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৬  

দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি-এর গ্রাহকরা ঋণের কিস্তি, ফি ও চার্জ পরিশোধ করতে পারছেন বিকাশ-এ। আইডিএলসি ও বিকামের এই যৌথ সেবার আওতায় ঋণের কিস্তি, ডুপ্লিকেট ডকুমেন্ট ইস্যু চার্জ, স্টেটমেন্ট ও সার্টিফিকেট চার্জ, আবগারি শুল্ক, লেট পেমেন্ট ইন্টারেস্ট এবং লোন প্রসেসিং ফি পেমেন্ট-এর মতো লেনদেনগুলো ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারছেন আইডিএলসি গ্রাহক।

আইডিএলসি-এর লোনের কিস্তি বা অন্যান্য ফি ও চার্জ পরিশোধ করতে প্রথমে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘আদার্স’ বা ‘সার্চ’ অপশন থেকে আইডিএলসি সিলেক্ট করে নিতে হবে। এখানে ‘পারপাস’ অপশন থেকে গ্রাহক যে ধরনের পেমেন্টটি সম্পন্ন করতে চান সেটা সিলেক্ট করতে হবে এবং ‘অ্যাকাউন্ট’ বা ‘রেফারেন্স’ নাম্বার বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের লোন বা ফি এর পরিমাণ চলে আসবে। এবার গ্রাহক পিন নাম্বার দিয়ে সম্মতি দিলেই পেমেন্টটি কমপ্লিট। পেমেন্ট হওয়ার পর গ্রাহক চাইলে বিলের ডিজিটাল রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন।

বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, ইনস্যুরেন্স, সরকারি ফি ইত্যাদি সহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ। পাশাপাশি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব সল্যুশনও রয়েছে বিকাশ-এর। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের লোন ও সঞ্চয়ের কিস্তি পরিশোধ নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও লোন আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।